ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ন

লাঞ্চে দুই উইকেট হারাল বাংলাদেশ

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩৬৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। প্রথম সেশন শেষে ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান। জয়ের জন্য এখনো দরকার ৩২০ রান, হাতে রয়েছে ৮ উইকেট।

দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভার ব্যাট করে ৫৩ রান যোগ করার পর ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকা সফরকারীরা এতে মোট ৩৬৮ রানে এগিয়ে যায়, আর বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনে ৩৩ রানের জুটি গড়েন। তবে অষ্টম ওভারে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান আক্রমণে আসতেই ভাঙে উদ্বোধনী জুটি। ৩২ বলে ৪টি চারে ২১ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। এরপর ২৭ বলে ১৪ রান করে ওয়ারিকানের দ্বিতীয় শিকার হন শান্ত।

লাঞ্চ বিরতির সময় ক্রিজে ছিলেন প্রথম ইনিংসে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহিদ হৃদয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। হৃদয় ২২ বলে ৮ রানে এবং মুশফিক ৩ বলে ৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে তাওহিদ হৃদয়ের ২৪২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৩৮৬ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ১৪২ রান করেন কাভেম হজ। বাংলাদেশের তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন।

ওপেনার সাদমান ইসলাম গোড়ালির চোটে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় ওপেন করতে নামেন অধিনায়ক শান্ত। মিরপুরে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫ রান, তাই সিলেটে জিততে হলে রেকর্ড গড়তেই হবে স্বাগতিকদের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন