ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা

দেশে সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে চাষিদের প্রণোদনা দেবে সরকার। এজন্য খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সুগন্ধি চালের দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দেশে সুগন্ধি চালের উৎপাদন এলাকা দিন দিন কমে যাচ্ছে। এতে বাজারে ঘাটতি দেখা দিচ্ছে, দামও বাড়ছে। বড় আকারে সুগন্ধি চাল রপ্তানি করা হচ্ছে না; অল্প সময়ের জন্য রপ্তানি হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।

তিনি জানান, ভূমি মন্ত্রণালয় সারা দেশে জরিপ চালাচ্ছে—কোন এলাকায় কোন ফসল ভালো হয়, কোন এলাকার আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে কোন ফসল মানানসই। কৃষি মন্ত্রণালয়ও বিষয়টি দেখছে।

আজকের সভায় গঠিত তিন সদস্যের কমিটি সুগন্ধি চাল উৎপাদনকারী এলাকাগুলো পরিদর্শন করবে। যেসব এলাকায় এখনো সুগন্ধি চাল চাষ হচ্ছে এবং কৃষকেরা উৎপাদনে আগ্রহী, সেখানে উৎপাদন বাড়াতে অতিরিক্ত প্রণোদনা দেওয়া হবে। উৎপাদন বাড়লে সুগন্ধি চালের ঘাটতি ও বাড়তি দাম কমবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন