বাংলাদেশে নতুন কর্মসংস্থান তৈরিকে সামনের সারিতে রেখে ২০২৭ থেকে ২০৩৩ সাল পর্যন্ত মেয়াদের জন্য একটি নতুন দেশীয় অংশীদারত্ব কাঠামো প্রণয়ন করছে বিশ্বব্যাংক। এই পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি এবং নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিকে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জিন পেম জানিয়েছেন, পরিবর্তনের এই পর্যায়ে দেশের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলোর একটি হলো কর্মসংস্থান। তাঁর ভাষ্য, সংস্থাটির আগামী পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবে চাকরি সৃষ্টি—বিশেষ করে যুব সমাজ ও নারীদের জন্য।
পরিসংখ্যানের দিকে তাকালে এই চ্যালেঞ্জের মাত্রা স্পষ্ট হয়। আগামী এক দশকে বাংলাদেশে প্রায় এক কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। অথচ তার আগের দশ বছরে সৃষ্টি হয়েছে প্রায় ৮৭ লাখ কর্মসংস্থান। ফলে নতুন করে বাজারে আসা তরুণদের জন্য প্রয়োজনীয় সংখ্যক কাজ তৈরি হয়নি।
নারীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ২০২২ সালে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ, যা ২০২৪ সালে কমে ৩৮ দশমিক ৪ শতাংশে নেমেছে। এই ধারা বদলাতে নারীদের জন্য কাজের সুযোগ বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
নতুন কাঠামোটি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বিশ্বব্যাংক গ্রুপের তিনটি অঙ্গপ্রতিষ্ঠান—আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ), আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) এবং বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (মিগা)। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দিচ্ছে সংস্থাটি।

কাঠামোটি প্রণয়নে দেশের বিভিন্ন পর্যায়ের অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। বেসরকারি খাতের প্রতিনিধি, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা, নাগরিক সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করছে বিশ্বব্যাংক।
বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ৩৭টি প্রকল্পে মোট ১ হাজার ১২০ কোটি ডলারের সহায়তা চলমান রয়েছে।


















