মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ৩৭৫ কোটি রুপির বেশি আয় করেছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। দীপাবলির মৌসুমে মুক্তি পাওয়া ছবিটি তৃতীয় দিনে এসে সবচেয়ে বড় অঙ্কের আয় তুলেছে।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, শনিবার তৃতীয় দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। এর আগে দ্বিতীয় দিনে আয় ছিল ৪৮ কোটি ৫ লাখ রুপি। অর্থাৎ এক দিনের ব্যবধানে আয় বেড়েছে ৪৫ শতাংশের বেশি।
প্রথম তিন দিনে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি, আর গ্রস আয় ২১৮ কোটি ২৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে তিন দিনে এসেছে আরও ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।
গত ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ। আরও আছেন সাই পল্লবী, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয় ও শোভনা।
দুই পর্বে নির্মিত এই ছবির মোট বাজেট প্রায় চার হাজার কোটি রুপি বলে জানা গেছে। রোববারের ছুটির দিনে ছবিটির আয় আরও বাড়বে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।



















