ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে ট্রেন চলাচল বন্ধ

ছয়টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল সোয়া ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ ও আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করে রেখেছেন তারা। মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করছেন অবরোধকারীরা। সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে; ভারতে রপ্তানি পণ্যের কয়েকটি ট্রাক কোড্ডা এলাকায় আটকা পড়েছে।

অবরোধের কারণে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকে আছে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসও নিরাপত্তার কারণে সেখানে থামিয়ে রাখা হবে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম। মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

বাসিন্দাদের দাবি, বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলায় যুক্ত করা হয়েছে। ছয়টি গ্রাম বাসুদেব ইউনিয়নে পুনর্বহাল করার পাশাপাশি সদর উপজেলা বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদ জানাচ্ছেন তারা।

চলতি বছরের মে মাসে ওই ছয় গ্রাম নিয়ে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়; এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়। বাসিন্দারা জানান, সিদ্ধান্তের প্রতিবাদে তারা এপ্রিল থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন