ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ন

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান জোরদার, ২০ বাংলাদেশিসহ ১৮১ বিদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম চৌ কিট মার্কেট এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। জালান রাজা বট এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে ২০ বাংলাদেশিসহ মোট ১৮১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) লোকমান এফেন্দি রামলির বরাত দিয়ে জানানো হয়, অভিযানে মোট ৫১২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১৪৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এ ছাড়া ২০ জন বাংলাদেশির পাশাপাশি নেপালের ৫ জন, ভারতের ৩ জন, পাকিস্তানের ১ জন এবং অন্যান্য দেশের আরও ৫ জন নাগরিক রয়েছেন। বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে অবস্থান এবং পাসের অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়।

অভিযানটিতে অভিবাসন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, জাতীয় নিবন্ধন বিভাগ, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আটকদের সবাইকে বুকিত জলিল অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ