ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য বাণিজ্যিক যানবাহন ক্রয়ে অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি ও রানার মোটরস পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা চালু করা হবে, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই অংশীদারত্বের আওতায় সিএমএসএমই গ্রাহকেরা রানার মোটরস পিএলসির বাণিজ্যিক যানবাহন কেনার জন্য আকর্ষণীয় সুদহারে খুব দ্রুত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা পাবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের জন্য অর্থায়নপ্রাপ্তির প্রতিবন্ধকতা কমানো, যাতে তারা ব্যবসার পরিবহন ও সরবরাহ সক্ষমতা বাড়াতে, পরিচালন কার্যক্রম আরও দক্ষ করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণ করতে পারেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং রানার মোটরস পিএলসির প্রধান অর্থ কর্মকর্তা রাজেশ কুমার যাদব। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির চিফ বিজনেস অফিসার সাজিদ রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান এবং ইভিপি ও সিআরএম-এসএমই বিভাগের প্রধান নাইমুল হাসান খান। রানার মোটরস পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ফিরোজ কবির।

প্রাইম ব্যাংক ও রানার মোটরসের এই যৌথ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী গ্রাহকবান্ধব অটো ফাইন্যান্সিং সেবা নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে। এ সহযোগিতা ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, উৎপাদনশীল সম্পদ অর্জনের সুযোগ বৃদ্ধি এবং দেশের সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ