ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম উপকূলে ৫ দিন নৌযান চলাচলে সতর্কতা

চট্টগ্রামের ফৌজদারহাট ও হালিশহর উপকূলীয় এলাকায় পাঁচ দিনব্যাপী বিমানবিধ্বংসী ফায়ারিং অনুশীলন করবে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় নির্ধারিত বিপজ্জনক এলাকা এড়িয়ে নৌযান চলাচলের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএর নৌ-পথ শাখা থেকে প্রকাশিত নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অব আর্মি এয়ার ডিফেন্সের পরিচালনায় ওবিসি (এডি)-৪০-এর প্রশিক্ষণার্থীরা আগামী ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারহাট এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বিমানবিধ্বংসী ফায়ারিং অনুশীলন করবেন।

বিআইডব্লিউটিএ জানায়, ফায়ারিংয়ের জন্য নির্ধারিত বিপজ্জনক এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবর শাহ ও হালিশহর থানা এলাকা। সমুদ্রের আকাশ বরাবর এ এলাকার উত্তর ও দক্ষিণ সীমানার ব্যাপ্তি ১২ হাজার গজ বা ৬ দশমিক ৮ মাইল। বিপজ্জনক এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

ফায়ারিং চলাকালে ওই নৌ-পথে চলাচলকারী সব নৌযানকে নির্ধারিত ফায়ারিং রেঞ্জ ও পার্শ্ববর্তী বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে কর্তৃপক্ষের পাইলট নিয়ে অধিকতর সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত ড্রাফট অনুযায়ী নৌযান পরিচালনা এবং দক্ষ নাবিক বা ড্রাইভার দিয়ে নৌযান চালানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকলে নৌযান নিরাপদ স্থানে ভিড়িয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় নৌযানে বাতি জ্বালানো, ফগ সিগন্যাল ও ঘণ্টা বাজানোর মতো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ