ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিল্পকলায় দুই দিনে তিন প্রদর্শনী নিয়ে আসছে সানিডেলের ‘আলাদিন’

সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর একই স্থানে বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে আলাদিন।

আরব্য রজনীর জনপ্রিয় এই গল্পে রোমাঞ্চ, বিস্ময়, জাদু ও রূপান্তরের আবহ তুলে ধরবেন সানিডেল মিডল স্কুলের তরুণ শিল্পীরা। ছোট্ট প্রদীপ, জিনি ও উড়ন্ত গালিচার চিরচেনা জাদুকে নিজেদের অভিনয়, সংগীত ও নৃত্যের মাধ্যমে নতুন আঙ্গিকে উপস্থাপন করবেন তাঁরা। আয়োজকেরা জানিয়েছেন, আলাদিনের প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশীদ ও আবুল হায়াত।

নির্দেশক মিজানুর রহমান মিতুল বলেন, ‘আলাদিন আরব্য রজনীর এক চিরন্তন গল্প। রূপকথাটি যুগ যুগ ধরে এবং বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে, তবু এর আকর্ষণ কখনো কমেনি। অগণিত রূপে পুনর্কথিত ও নতুন আঙ্গিকে উপস্থাপিত হয়ে, এটি আজও ছোট্ট প্রদীপ, দৈত্য এবং উড়ন্ত গালিচার জাদুতে আমাদের মুগ্ধ করে চলেছে। আলাদিনের জৌলুশ ও মুগ্ধতার আড়ালে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা—মানুষের প্রকৃত মূল্য ধন-সম্পদ কিংবা বাহ্যিক সৌন্দর্যে নয়; বরং সাহস, দয়া, সততা ও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যেই নিহিত।’

নাটকটিতে আলাদিন চরিত্রে অভিনয় করবেন সামিউ মামুন জাঈম, জেসমিন চরিত্রে নাদিয়া আফরিন এবং জিনির ভূমিকায় মোহাম্মদ আয়ান আবদুল্লাহ। আরও আছেন আরেব আজরফ, শ্রেয়ান ওয়াদি, রেহানুস সামাদ খান, শরীন মির্জা প্রমুখ। সংগীত আয়োজনে নীল কামরুল, কস্টিউম ডিজাইন করেছেন ইরা বালা, স্নাতা শাহরিন, শ্রেয়শ্রী সরকার ও আনিকা হোসেন বৈশাখী। সহকারী পরিচালনায় শ্রাবন্তী গুপ্তা, নিকিতা আজম ও শ্রেয়শ্রী সরকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ