ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বরাতে জেলেনস্কি সাংবাদিকদের জানান, ‘আমাদের মধ্যে সুনির্দিষ্ট চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউক্রেন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে।’
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাটি স্থানীয়ভাবে উৎপাদনের লাইসেন্স পাওয়া ইউক্রেনের জন্য অন্যতম প্রধান দাবি ছিল। বিশ্বব্যাপী এই ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় এবং রাশিয়ার বিমান হামলা বৃদ্ধি পাওয়ায় ইউক্রেন বড় ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছিল। জেলেনস্কি এর আগে সিএনএনকে জানিয়েছিলেন, রুশ আক্রমণ প্রতিরোধে তাদের চাহিদার মাত্র দশভাগের একভাগ ক্ষেপণাস্ত্র হাতে রয়েছে।
রাশিয়ার সাম্প্রতিক ড্রোনের আঘাতে কিয়েভে কিশোরসহ সাতজন সাধারণ নাগরিক নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মেয়র। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, এদিন দেশের মোট আটটি অঞ্চল রাশিয়ার হামলার শিকার হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। জেলেনস্কি জানান, কোনো তারিখ এখনও নির্ধারিত না হলেও সংযুক্ত আরব আমিরাতকে বৈঠকের স্থান হিসেবে প্রস্তাব করা হয়েছে। তিনি জানান যে আগামী ১০ দিনের মধ্যে তারা আলোচনার অগ্রগতি সম্পর্কে নির্দিষ্ট ফলাফল জানাতে পারবেন।

রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের এই ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানিয়েছেন, আলোচনা পুনরায় শুরু করার সব প্রস্তাব তাদের বিবেচনায় রয়েছে এবং নিজেদের জাতীয় স্বার্থ দেখেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সূত্র: সিএনএন


















