ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের গঠিত পাঁচ হাজার কোটি টাকার মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ. এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোঃ জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব এসএমই ফারিয়া হায়দার।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সরবরাহের মাধ্যমে তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করে। এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধন এর অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না এরূপ প্রতিষ্ঠান মাত্র ৯% সুদে অর্থায়ন সুবিধা পাবে।

দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের ফলে সিএমএসএমই খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে আইএফআইসি ব্যাংকের অবদান আরও জোরদার হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ