বিদেশে চিকিৎসাসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে যমুনা ব্যাংক পিএলসি। এর আওতায় ব্যাংকের যোগ্য গ্রাহক, কার্ডধারী ও কর্মকর্তারা পাবেন ০% ইএমআই সুবিধা এবং বিদেশে চিকিৎসায় বিশেষ ছাড় ও সহায়তা। চুক্তি অনুযায়ী, যমুনা ব্যাংকের যোগ্য VISA কার্ডধারীরা প্ল্যান মেডি ট্রিপের নির্ধারিত স্বাস্থ্যসেবায় ৩, ৬, ৯ ও ১২ মাস মেয়াদে ০% Jamuna EMI সুবিধা নিতে পারবেন। এছাড়া গ্রাহকরা ভারত ও থাইল্যান্ডে বিনামূল্যে এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, ভারত, থাইল্যান্ড ও চীনের ভিসা সেবায় বিশেষ সুবিধা এবং ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার নির্বাচিত হাসপাতালে ইনপেশেন্ট চিকিৎসা ব্যয়ে প্রায় ৫–১০% পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন। চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়ের হিসাব ও হাসপাতালের আমন্ত্রণপত্রের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। থাইল্যান্ডের মেডিকেল ভিসার জন্য থাকবে অগ্রাধিকারভিত্তিক সহায়তা, যেখানে প্রক্রিয়াকরণ প্রায় ৩–৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য থাকবে, প্রযোজ্য নিয়মসাপেক্ষে। গত ১৩ আগস্ট ২০২৬, ঢাকার গুলশানে যমুনা ব্যাংকের করপোরেট অফিসে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যমুনা ব্যাংক পিএলসির ডিএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নীলা। এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিদেশে চিকিৎসা আরও সহজ, পরিকল্পিত ও সাশ্রয়ী করার পাশাপাশি নমনীয় পেমেন্ট সুবিধা নিশ্চিত করতে চায় যমুনা ব্যাংক।


















