ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১:০৬ অপরাহ্ন

আজ স্মৃতিসৌধে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি

শপথ গ্রহনের পরদিনই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। এ সময় বিউগলে বাজানো হবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে প্রস্তুতির পাশাপাশি পুরো এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এই পদের শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ