ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও রানার মোটরস লিমিটেড-এর মধ্যকার চুক্তি স্বাক্ষর

বাণিজ্যিক যানবাহনে অর্থায়ন সহজ করতে এবং ইলেকট্রিক যানবাহনের (ইভি) ব্যবহার বৃদ্ধির লক্ষ্য নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও রানার মোটরস পিএলসি। এই চুক্তির মূল উদ্দেশ্য এসএমই ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করা।

এই চুক্তির আওতায়, সিএমএসএমই, এসএমই এবং কর্পোরেট গ্রাহকরা সহজ শর্তে অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা পাবেন, যা তাদের ব্যবসার সক্ষমতা বৃদ্ধিতে ও দীর্ঘমেয়াদে ব্যবসা পরিচালনায় সহায়ক হবে। পাশাপাশি, পরিবেশবান্ধব পরিবহন ও ইলেকট্রিক বাণিজ্যিক যানবাহনের প্রচারেও জোর দেওয়া হবে, যা বাংলাদেশকে আরও টেকসই ও জ্বালানি-সাশ্রয়ী হতে ভূমিকা রাখবে।

চুক্তি অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বাণিজ্যিক যানবাহন, ইভি প্রকল্প এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে অর্থায়ন সুবিধা দিবে। রানার মোটরসের শিল্প-অভিজ্ঞতা এবং আইপিডিসি’র আর্থিক সক্ষমতা একত্রে কাজে লাগিয়ে উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বাজারে প্রবেশের সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করতে ও আধুনিক বাণিজ্যিক যানবাহন, বিশেষ করে ইভি’র ব্যবহার বৃদ্ধিতে উভয় প্রতিষ্ঠানই যৌথভাবে প্রচারণামূলক ও বাজার সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিতে যে সহযোগিতা প্রয়োজন, তা সহজলভ্য করাই এই চুক্তির লক্ষ্য। রানার মোটরসকে সঙ্গে নিয়ে আমরা বাণিজ্যিক যানবাহনে অর্থায়ন আরও সহজ এবং ইভি’র ব্যবহার বৃদ্ধিতে গ্রাহকদের উৎসাহিত করতে চাই। বাংলাদেশে টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে ইভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

রানার মোটরস পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, এফসিএ বলেন, “আইপিডিসি’র সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ব্যবসার প্রসারে প্রয়োজন নির্ভরযোগ্য পরিবহন, বিশেষ করে এসএমইগুলোর জন্য এটা অত্যন্ত জরুরি। এই চুক্তির মাধ্যমে আমরা বাণিজ্যিক যানবাহনের সুযোগ আরও বাড়াতে চাই, যেখানে ইভি’কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই অংশীদারিত্বের সুবাদে দেশের পরিবহন ও লজিস্টিক্স খাতে ইতিবাচক পরিবর্তন আনতে এবং পরিবেশ-বান্ধব ব্যবসায়িক চর্চা বাড়াতে আমরা আশাবাদী।”

আইপিডিসি ও রানার মোটরসের এই অংশীদারিত্ব দেশের সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করবে বলে সবার প্রত্যাশা, যা সহজে যানবাহন খাতে বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং পরিবেশ-বান্ধব পরিবহনের প্রসার – তিন ক্ষেত্রেই কার্যকর ভূমিকা পালন করবে। একইসঙ্গে এটি দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে স্পষ্টভাবে তুলে ধরে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ