বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর সার্ভেইল্যান্স টিমের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ জুন রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, সিপিএ, বিএসইসি’র কমিশনার নাহিদ মাহতাব, বিএসইসি’র কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, বিএসইসির নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE)-এর পক্ষ থেকে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসময় পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিতকরণ এবং সকল ধরণের অনিয়ম-কারসাজি রোধের উপর গুরুত্বারোপ করা হয়। বাজার কারসাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ডিএসই’র গৃহীত ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কে তুলে ধরা হয়। স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকরি পুঁজিবাজার গড়তে বিএসইসি বদ্ধ পরিকর মর্মে কমিশনের পক্ষ থেকে জানানো হয়। সকল ধরণের বাজার কারসাজি রোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (International Best Practices) অনুসারণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল টাইম সার্ভেইল্যান্স ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়।
একইসাথে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বিজনেস আই/


















