হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এ সময় দেশটিতে বিভিন্ন কারণে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন রয়েছেন।
এ পর্যন্ত ফিরতি পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইন্স ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজিকে পরিবহন করেছে। মোট ৮৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, মারা যাওয়া ৪৮ জন হাজির মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় ১ জন মারা যান।

এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৩৯৮ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।


















