ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

পুঁজিবাজারে আসতে চায় বিআরবি ক্যাবলস

দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক তার প্রস্তুতকারী কোম্পানি  বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করবে।

পুঁজিবাজারে আসার প্রক্রিয়া হিসেবে বিআরবি ক্যাবলস আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর সঙ্গে একটি চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় আইসিবি বিআরবি ক্যাবলকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে।

রোববার (২৪ মে) কুষ্টিয়ায় বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার থেকে বিআরবি ক্যাবল কত টাকা উত্তোলন করবে, সে বিষয়টি এখনো নির্ধারণ করা হয়নি। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বা হিসাব বিবরণী পর্যালোচনা করার পর মূলধন উত্তোলনের পরিমাণ চূড়ান্ত করা হবে।

বিআরবি ক্যাবলসের পণ্য তালিকায় রয়েছে পাওয়ার ক্যাবল, গৃহস্থালি ওয়্যারিং সিস্টেম, অপটিক্যাল ফাইবার ক্যাবল, মেরিন ক্যাবল, বিআরবি ফ্যান এবং কন্ডাক্টর – যা বিদ্যুৎ, অবকাঠামো, টেলিযোগাযোগ এবং শিল্প উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

মূল সংস্থা বিআরবি গ্রুপ, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, বিআরবি এনার্জি, বিআরবি পলিমার, বিআরবি হসপিটাল এবং বিআরবি সিকিউরিটিজ সহ ১৪টি সহযোগী প্রতিষ্ঠান পরিচালনা করে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ