আজ শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া গণমিছিল থেকে জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবি জানানো হবে।
জানা গেছে, মিছিলটি বিজয়নগর পানির ট্যাংক মোড়ে ঢাকা মহানগর ১১ দলের উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে ১১ দলের শীর্ষ নেতা ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ১১ দলের আয়োজিত ‘চলমানের আন্দোলনের পরবর্তী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে। কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল শনিবার রাজধানীতে গণমিছিল করবে ১১ দলীয় জোট। এরপর ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় জেলায় গণমিছিল করবে তারা। এ ছাড়া ২ মে সব জেলায় গণমিছিল করা হবে।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের যে গণরায় তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। এখন প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে আইনে রূপান্তর করে তা সংবিধানে যুক্ত করতে হবে।



















