ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ঢাকা আবারও বিশ্বের ৫ম সর্বাধিক দূষিত শহর, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণের মধ্যে আবারও উদ্বেগজনক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

ঢাকার বাতাসের মান বর্তমানে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের ঝুঁকিতে থাকলেও মাঝে কিছুটা উন্নতি দেখা গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির আবারও অবনতি হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ২৯৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো স্কোর ২৮২ নিয়ে। তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই স্কোর ১৯৩ এবং চতুর্থ অবস্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু স্কোর ১৭৮ নিয়ে।

একিউআই অনুযায়ী বায়ুমানের শ্রেণিবিন্যাসে ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১ এর বেশি একিউআই স্কোর হলে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং সাধারণ মানুষকেও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

পরিবেশবিদরা মনে করছেন, শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বর্তমানে দূষণের প্রধান কারণ হিসেবে যানবাহনের নির্গমন, ইটভাটা ও নির্মাণ ধুলা চিহ্নিত করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ