ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, শুধু নিজের সন্তানকে টিকা দিলেই হাম প্রতিরোধ সম্ভব নয়; গোষ্ঠীগতভাবে রোগ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই টিকা দিতে হবে। জরুরি এ ক্যাম্পেইন সফল করতে সর্বস্তরের সবাইকে নিজ নিজ এলাকায় সাংগঠনিকভাবে কাজ করতে হবে। এটি রাজনীতিবিদদের জন্যও একটি সুযোগ, তারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে পারেন।

তিনি আরও বলেন, সংক্রমণের ঝুঁকি এড়াতে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হবে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচিতে আন্তর্জাতিক সংস্থাগুলোরও সহযোগিতা রয়েছে। সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, এখন থেকেই শিশুদের টিকা নিশ্চিত করা গেলে হাম ও রুবেলা নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বিষয়ে নিয়মিত মনিটরিং চলছে।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। শনিবার ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল সারা দেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ