ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বনানীতে

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর স্ত্রী দিলারা হাফিজ-এর জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা। জানাজার আগে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বজনদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে এ স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ব্যক্তিগত জীবনে তিনি স্বামী হাফিজ উদ্দিন আহমদ, দুই ছেলে শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ এবং এক মেয়ে শামামা শাহরীন হাফিজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দাফন বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ