ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান হাওলাদার (৮৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
আব্দুল মান্নান হাওলাদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মৃত হাসান আলী হাওলাদার। কারা সূত্রে জানা গেছে, আব্দুর মান্নানের কয়েদি নম্বর ৭২৯০/এ এবং মিনিট নম্বর ৬৪/২৬।
সুজন নামে এক কারারক্ষী জানান, রাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















