ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

যে কারণে ইসরায়েলকে শাস্তি দিলো ফিফা

ইসরায়েলের ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) গুরুতর অভিযোগের পর শাস্তি দিয়েছে ফিফা। তাদের ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ তথা প্রায় এক লাখ ৪১ হাজার ৭০০ পাউন্ড জরিমানা কয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে আনা বৈষম্যের অভিযোগে তদন্তের পরই এত অর্থ জরিমানা করা হয়েছে। তাই ভবিষ্যতে নিজেদের আচরণবিধি সম্পর্কে সতর্ক থাকতে বলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত ফিফার ৭৪তম কংগ্রেসে ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের অভিযোগের ভিত্তিতে ইসরায়েলি ফুটবলে বর্ণবাদের বিষয়টি কীভাবে মোকাবিলা করেছে, তা নিয়ে আইএফএ’র ভূমিকা খতিয়ে দেখে একটি শৃঙ্খলা কমিটি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, আইএফএ ফিফার শৃঙ্খলা বিধির ১৩ নম্বর ধারা (আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতির লঙ্ঘন) এবং ১৫ নম্বর ধারা (বৈষম্য ও বর্ণবাদী আচরণ) ভঙ্গ করেছে।

জরিমানা ও সতর্কবার্তার পাশাপাশি আইএফএকে তাদের পরবর্তী তিনটি হোম ম্যাচে বৈষম্যবিরোধী স্লোগান এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোসহ একটি বড় ও স্পষ্ট ব্যানার প্রদর্শন করতে হবে।

ফিফা এক বিবৃতিতে জানায়, ‘ব্যানারের আকার, নকশা ও স্টেডিয়ামে অবস্থান ম্যাচের অন্তত ১৫ দিন আগে অনুমোদনের জন্য ফিফার কাছে জমা দিতে হবে।’

এছাড়া জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ ব্যয় করে বৈষম্যবিরোধী কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ফিফা আরও জানায়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আইএফএ’র।

অন্যদিকে, ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের অভিযোগের আরেকটি বিষয় ছিল- ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের জাতীয় লিগে অন্য একটি অ্যাসোসিয়েশনের (ফিলিস্তিন) ভূখণ্ডে অবস্থিত দলগুলোকে অন্তর্ভুক্ত করার সুযোগ দিয়েছে।

এ বিষয়ে ফিফা বলেছে, ‘পশ্চিম তীরের চূড়ান্ত আইনগত অবস্থান এখনও আন্তর্জাতিক আইনের অধীনে অসম্পন্ন ও জটিল হওয়ায় এ মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ