ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং শরিয়াহসম্মত বিনিয়োগ উপকরণের সংকট দূর করতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ইসলামী ব্যাংকিং খাতের সংস্কার ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকায় আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। তিনি বলেন, পরিকল্পিত সুকুক ইস্যুর মাধ্যমে ব্যবসা ও অবকাঠামো খাতে অর্থায়নের সুযোগ বাড়বে। পাশাপাশি দেশের ইসলামী অর্থায়নের বাজার আরও শক্তিশালী হবে।
ডেপুটি গভর্নর জানান, বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ বর্তমানে মাত্র শূন্য দশমিক ০৪ শতাংশ। আন্তর্জাতিক ইসলামী অর্থায়ন বাজারের তুলনায় বাংলাদেশের অবস্থান যে এখনো অনেক পিছিয়ে, এ পরিসংখ্যান তা তুলে ধরে।
তিনি বলেন, সুকুক একটি গুরুত্বপূর্ণ অর্থায়ন উপকরণ। এর মাধ্যমে শিল্প ও ব্যবসার বিকাশের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব। বিশ্ব অর্থনীতিতে বিভাজন বাড়ার কারণে বিদেশি অর্থায়ন ক্রমেই ব্যয়বহুল হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে কঠোর শর্ত। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের উৎসগুলো শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ডেপুটি গভর্নরের মতে, শরিয়াহসম্মত আর্থিক উপকরণের সীমিত প্রাপ্যতা ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ ও তারল্য ব্যবস্থাপনায় বাধা তৈরি করছে। পরিকল্পিত সুকুক ইস্যুর মাধ্যমে এ সীমাবদ্ধতা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

ইসলামী ব্যাংকিং খাতের পুনর্গঠনের অংশ হিসেবে সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগের কথাও তুলে ধরেন ডেপুটি গভর্নর। তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ইসলামী ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরির পেছনে সুশাসনের দুর্বলতা অন্যতম কারণ। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রাতিষ্ঠানিক সততা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি আরও জানান, ইসলামী ব্যাংকিং খাতের উন্নয়নে নীতিগত, আইনি ও কাঠামোগত সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংকিং খাতের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণ কাঠামো বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ ছাড়া ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রমে নিয়ন্ত্রণমূলক বিধিবিধানের সমন্বয় এবং শরিয়াহ নীতিমালা যথাযথভাবে অনুসরণের লক্ষ্যে পৃথক ইসলামী ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ এবং কেন্দ্রীয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুরাবাহা, বাই এবং হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলক (এইচপিএসএম)সহ ইসলামী অর্থায়নের গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলোর পরিচালনসংক্রান্ত নির্দেশিকাও হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও নিয়ন্ত্রণব্যবস্থার নির্দেশিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানে বিশেষ পরিদর্শনও চালানো হচ্ছে।
এ প্রসঙ্গে ডেপুটি গভর্নর সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংকিংয়ের নামে আর্থিক খাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
ইসলামী ব্যাংকগুলোর ঋণ বিতরণে বড় করপোরেট গ্রুপগুলোর আধিপত্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডেপুটি গভর্নর। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি এবং গ্রামীণ উদ্যোক্তাদের জন্য অর্থায়নের পরিমাণ বাড়াতে হবে।


















