ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের বৃহৎ গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এ কঠোর ও নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পূর্বজ্ঞান ছিল না। তার ভাষায়, ইসরায়েল ‘রাগের বশে’ ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রকৃত পরিস্থিতি না জেনেই ইরান কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় যে পাল্টা হামলা চালিয়েছে, তা ‘অন্যায্য ও অযৌক্তিক’। সাউথ পার্স গ্যাসক্ষেত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প জানান, ইসরায়েল সেখানে আর হামলা চালাবে না।

তবে ইরানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, যদি তেহরান পুনরায় কাতারে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে ওই গ্যাসক্ষেত্রে আঘাত হানবে, যা ইরান আগে কখনও দেখেনি। ট্রাম্প আরও বলেন, তিনি এমন ধ্বংসযজ্ঞ চান না, কারণ এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু কাতারের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

এর আগে কাতারএনার্জি জানিয়েছিল, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে হামলার কয়েক ঘণ্টা আগে ওই স্থাপনা খালি করে নেওয়া হয়েছিল। ইরান আগেই ঘোষণা দিয়েছিল, তাদের গ্যাসক্ষেত্রে হামলার জবাবে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ