ঢাকা, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

ব্রেইন স্টেশন ২৩-এর এসএমই থেকে আইপিওতে রুপান্তরের আবেদন বাতিল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে যে, ‘কোয়ালিফাইড ইনভেস্টর অফার’ (কিউআইও)-এর মাধ্যমে এসএমই বোর্ডে তালিকাভুক্ত হওয়ার জন্য ‘ব্রেইন স্টেশন ২৩ পিএলসি’-র জমা দেওয়া বিদ্যমান আবেদনটিকে মূল বাজারের জন্য ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ (আইপিও) আবেদনে রূপান্তর করা যাবে না।

কোম্পানির কাছে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে যে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্মল ক্যাপিটাল কোম্পানি কর্তৃক কোয়ালিফাইড ইনভেস্টর অফার) বিধিমালা, ২০২২’-এ কিউআইও আবেদনকে আইপিও আবেদনে রূপান্তর করার কোনো বিধান নেই।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,ব্রেইন স্টেশন ২৩ কিউআইও প্রক্রিয়ায় এসএমই বোর্ডে তালিকাভুক্ত হওয়ার জন্য ২০২৫ সালের ২৮ অক্টোবর আবেদন করেছিল। পরবর্তীতে ৫ জুলাই তারা বিএসইসির কাছে আবেদন জানায় যেন তাদের আবেদনটি পরিবর্তন করে মূল বাজারের জন্য আইপিও আবেদনে রূপান্তর করা হয়।

বিএসইসি এই অনুরোধ প্রত্যাখ্যান করে জানায় যে, বিদ্যমান বিধিমালার আওতায় এ ধরনের রূপান্তরের কোনো সুযোগ নেই।এর আগে ২০২৪ সালে, সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘সিটি টাচ’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘ব্রেইন স্টেশন ২৩’ এসএমই বোর্ডে কিউআইও এর মাধ্যমে ৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছিল। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করার প্রস্তাব দিয়েছিল।

কিউআইও এর ইস্যু ম্যানেজার হিসেবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস-কে নিয়োগ দেওয়া হয়েছিল। সংগৃহীত তহবিল থেকে ৪ কোটি ৭০ লাখ টাকা ল্যাপটপ, ডেস্কটপ, ম্যাকবুক প্রো, নেটওয়ার্ক সুইচ, অ্যাপ্লিকেশন সার্ভার, স্টোরেজ সার্ভার ও ওয়াই-ফাই সরঞ্জামসহ কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি (আইটি) সরঞ্জাম কেনার খাতে ব্যয় করার পরিকল্পনা করা হয়েছিল।

জানা গেছে, ২০২৪ সালের ৯ জুন  বিএসইসি কিউআইও এর মাধ্যমে ৫ কোটি টাকা সংগ্রহের জন্য ‘ব্রেইন স্টেশন ২৩’-এর পরিকল্পনা অনুমোদন করেছিল। তবে ব্যবসায়িক অনিশ্চয়তার কারণ দেখিয়ে ওই বছরের আগস্ট মাসে কোম্পানিটি এসএমই বোর্ডে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা থেকে সরে আসে।

পরবর্তীতে কোম্পানিটি এসএমই বোর্ডে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু করে। তবে, তাদের কিউআইও আবেদনটিকে মূল বাজারের আইপিও আবেদনে রূপান্তরের সর্বশেষ প্রচেষ্টাটি নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি সফটওয়্যার উন্নয়ন, সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের কাস্টমাইজেশন, ওয়েব হোস্টিং, আইটি সহায়তা এবং সফটওয়্যার রক্ষণাবেক্ষণ সেবা প্রদান করে থাকে। এছাড়া, সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘সিটি টাচ’ এর মোবাইল অ্যাপ্লিকেশনটিও ব্রেইন স্টেশন ২৩ তৈরি করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ