ঈদুল ফিতরে টানা ১০ দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থল বন্দরে। তবে পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। শনিবার (১৪ মার্চ) সকালে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহিনুর ইসলাম মন্ডল জানান, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮-২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ১০ দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের বেসরকারি ওয়্যারহাইজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডও বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ২৮ মার্চ থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। বর্তমানে রমজানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ‘বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাতদিনই ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকে।’
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা জানান, ‘সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত দিনগুলিতে কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ চালু থাকবে।’

এদিকে বন্দরের বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্ট সূত্র জানায়, ঈদের টানা ১০দিনের ছুটিতে বাণিজ্য কার্যক্রম বন্ধের পর ২৮ মার্চ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এতে করে হিলি স্থলবন্দর তার স্বাভাবিক কার্যচাঞ্চল্যে ফিরে আসবে


















