ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন

আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বেলা ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর দেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে আজ বসছে স্বপ্নের এই সংসদ অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিদায়ী সংসদের স্পিকার পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাগারে থাকায় এবার অধিবেশন শুরুর পদ্ধতিতে কিছুটা ভিন্নতা থাকছে। শুরুতে স্পিকারের আসন ফাঁকা রেখেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ-সদস্যের নাম প্রস্তাব করবেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ অধিবেশনের আদলে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রথম দিনের কার্যক্রম শুরু হবে।

অধিবেশনের প্রথম ভাগে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর ২০ মিনিটের বিরতিতে নবনির্বাচিতদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে নতুন স্পিকারের সভাপতিত্বে পুনরায় অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতি তার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী উদ্বোধনী ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণে বিগত সরকারের ব্যর্থতা, গণ-অভ্যুত্থান এবং ছাত্র-জনতার বীরত্বগাথার প্রতিফলন থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে।

সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। অন্যথায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আজকের অধিবেশনে এই অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। এছাড়া প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়ার কার্যসূচি রয়েছে।

অধিবেশন উপলক্ষে সংসদ কক্ষে আসন বিন্যাসের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রেজারি বেঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে অধিবেশনে উত্তাপ ছড়াতে পারে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী রাষ্ট্রপতিকে ‘পতিত স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার ভাষণের সময় ওয়াকআউটের ইঙ্গিত দিয়েছে। তবে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদের প্রত্যাশা করছে।

আজকের পর শুক্র ও শনিবার দুই দিন বিরতি দিয়ে ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে বিরতি দিয়ে ২৯ মার্চ থেকে আবার অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই সময়ের মধ্যে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন সম্পন্ন করবে ইসি এবং পরবর্তী অধিবেশনে নারী সংসদ-সদস্যদের উপস্থিতিও নিশ্চিত করা হবে। এই অধিবেশনেই সংসদ উপনেতা ও বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ