ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সম্ভাব্য জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ সোমবার (৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানায়। নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই বিবেচনায় সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদের ছুটি পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত সময় পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

* দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা।

* জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করা।

* প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার না করা এবং ব্যবহৃত আলোর সংখ্যা কমানো।

এছাড়া অফিস চলাকালীন প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে বলা হয়েছে।

এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এবং অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ