আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব গ্রহণের পরই তিনি দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
চেয়ারম্যান: সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক)
সদস্যসচিব: আব্দুল হান্নান মাসউদ (জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য)
সদস্য: আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ, অ্যাডভোকেট মনজিলা ঝুমা
এক্স-অফিসিও সদস্য: সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন:
“সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে…।”

এনসিপি সূত্র জানিয়েছে, কমিটির প্রধান কাজ হবে স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন, প্রচার-প্রচারণা পরিকল্পনা, নির্বাচনী এজেন্ট প্রশিক্ষণ, ভোটার তালিকা যাচাই-বাছাই এবং নির্বাচনী অনিয়ম প্রতিরোধে কৌশল নির্ধারণ করা। দলের নেতৃত্ব মনে করছে, এই কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করা সম্ভব হবে।


















