ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে সরকার শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহদী আমিন। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
মাহদী আমিন বলেন, আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা হয়েছে। মূলত আজকের বৈঠকে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো যে, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেবসহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেই সব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিলো যে, মাসিক সম্মানি ও উৎসব ভাতা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের (গতকাল) বৈঠকে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ইনশাআল্লাহ ঈদের আগেই পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি শেষ করে কিছু কিছু জায়গায় সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের একটি সম্মানি প্রদান করা করব ইনশাআল্লাহ।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঈদের আগে বেশ কিছু জায়গায় এই কার্যক্রম শুরু হবে। মাহদী আমিন বলেন, এর পাশাপাশি বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো যে, সারা বাংলাদেশে মেধার ভিত্তিতে বৈষ্যমবিহীনভাবে যেন আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে এবং বর্হিবিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা আরও দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কিভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কিভাবে কর্মক্ষম দ্রুততার সাথে তাদের জন্য চাকরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো। তার জন্য যে ডি-রিজুলেশন প্রয়োজন, যে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার নীতিমালা প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে আরও কিভাবে প্রাধান্য দেবো আমরা। বিদেশে যেসব দূতাবাস রয়েছে এবং বাংলাদেশে যেসব দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ ও যোগ্য করে বিদেশে পাঠাতে পারব এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট যেসব মন্ত্রীবর্গ রয়েছেন, সচিববর্গ রয়েছেন উনারা উনাদের মূল্যবান মতামত দিয়েছেন এবৎং ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের ভেতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এ রাষ্ট্র ব্যবস্থা, জনগণের সরকার আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করা শুরু করব ইনশাআল্লাহ।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শনিবার তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিসে আসা এবং দিনের কর্মসূচিগুলোও তুলে ধরেন উপদেষ্টা। ব্রিফিংয়ের সময়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেবার পরে প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। প্রথমটি হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে।



















