আর মাত্র একদিন পর জাতীয় সংসদ নির্বাচন। এই ভোট ও গণভোট উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যালট ও ভোটের সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ভোটের ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম।
ভোটের সরঞ্জামের মধ্যে আরও রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা।
নির্বাচন কমিশন জানায়, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
১০ ফেব্রয়ারি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার কারো কোনো শক্তি নেই। কোথাও একটা ক্রাইম হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে। কিন্তু ইলেকশন বাধাগ্রস্ত করতে পারবে না।



















