শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেড এলাকার অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে নারায়ণগঞ্জ ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টা থেকে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগে তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আশপাশের আরও কিছু এলাকায় আংশিক বা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ কিংবা চাপ কমে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি পাইপলাইন প্রতিস্থাপন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করার স্বার্থেই এই কাজটি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
এদিকে দীর্ঘ সময় গ্যাসের স্বল্পচাপের খবরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে রান্নাবান্না ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তবে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে।
বিজনেস আই/এসডি


















