ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)। এদের মধ্যে ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

উদ্ধারকৃত অস্ত্রের বিবরণ সেনাবাহিনী জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানের প্রেক্ষাপট সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের একটি সমন্বিত দল চন্দ্রগঞ্জ ও আলেয়াপুর সীমান্ত এলাকায় এই ঝটিকা অভিযান চালায়।

ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ