চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা।
এর আগে, শনিবার থেকে তারা তিন দিন ৮ ঘণ্টা করে এবং মঙ্গলবার ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। আন্দোলনকারীরা কন্টেইনার হ্যান্ডেলিংসহ সব ধরনের কাজ বন্ধ রেখেছেন, যার ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ হওয়ায় পণ্যের জট সৃষ্টি হয়েছে।
শ্রমিক ও কর্মচারীরা জানিয়েছেন, ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এই বিষয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “এনসিটি ইজারা দেয়ার চুক্তি এখনও প্রক্রিয়াধীন। চুক্তি দেশের অনুকূলে থাকলে হবে, না হলে হবে না। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে সরকার কাজ করছে না। তবে কাদের স্বার্থে আন্দোলন হচ্ছে, আমি জানি না।”



















