বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক রায়হান রাফী? ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া ওই বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৭৪ জন নিহত হন। রাফী বলেন, ‘আমার খুব ইচ্ছে আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন সেনাকে হত্যা করা হলো, একের পর এক লাশ বের হলো, গণকবর হলো। ভেতরে কী ঘটনা ঘটেছিল তা এখনও পুরোপুরি জানি না। আরও তথ্য জানা গেলে তখন এ নিয়ে সিনেমা বানাব।
নিজের বক্তব্যে তিনি আরও বলেন, বিভিন্ন সময় সত্য ঘটনা অবলম্বনে কাজ করতে গিয়ে তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ‘অমীমাংসিত’ মুক্তির সময়ও সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটিকে নিষিদ্ধ করেছিল। তবে সরকার পরিবর্তনের পর এটি মুক্তি পেয়েছে। তিনি বলেন, ‘সাহস থাকলে সত্য ঘটনা অবলম্বনে বারবার কাজ করা যায়। আমার লক্ষ্য হলো, সমাজে একই ধরনের অন্যায় যেন পুনরায় না ঘটে, সেই সচেতনতা তৈরি করা।’
বর্তমানে রাফী ব্যস্ত তার প্রযোজনা করা নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। তিনি জানান, সিনেমাটি চারটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এবং এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন। এটি রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ভৌতিক ঘরানার ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। এটিও এ বছর মুক্তি পাওয়ার কথা?


















