সাফা আন্তর্জাতিক সম্মেলনের বিস্তারিত বর্ণনা করে, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) ১৪ জানুয়ারী ২০২৬ বুধবার ঢাকার কাওরান বাজারের সিএ ভবনে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জনাব এন. কে. এ. মবিন এফসিএ, সাফা অর্গানাইজিং কমিটি চেয়ারম্যান ও আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ ফরহাদ হোসেন এফসিএ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছেলেন আইসিএবি ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রোকোনুজ্জামান এফসিএ, কাউন্সিল মেম্বার মিসেস জেরীন মাহমুদ হোসেন এফসিএ, জনাব মুহাম্মদ এমরান হোসেন এফসিএ, চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব শুভাশীষ বসু, চিফ অপারেটিং অফিসার জনাব মাহবুব আহমেদ ছিদ্দিকী এফসিএ এবং আইসিএবি ম্যানেজমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
“সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬” শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এদের মধ্যে থাকবেন বিশ্বব্যাপী সকল হিসাববিদদের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (IFAC)-এর প্রেসিডেন্ট। আমাদের আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য হলো— “পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ”।
আইসিএবি-এর আমন্ত্রণে, এই সম্মেলনে প্রথমবারের মতো ঢাকায় উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (IFAC)-এর প্রেসিডেন্ট জনাব জ্যঁ বুকো, যিনি সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন। তাঁর অংশগ্রহণ সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরে এবং টেকসই প্রতিবেদন, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ পেশাগত চর্চা নিয়ে আলোচনার সুদূরপ্রসারী প্রভাবকে বিশেষভাবে গুরুত্ব দেয়।
হিসাববিদ্যা পেশার ভবিষ্যৎ নির্ভর করছে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (Ethical AI) এবং টেকসই প্রতিবেদন (Sustainability Reporting)-এর কৌশলগত সমন্বয়ের ওপর। আজকের প্রযুক্তি কেবল উন্নয়নকে সহায়তা করছে না—এটি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং দ্রুত পরিবর্তনশীল পেশাগত কাঠামোকে নতুনভাবে রূপ দিচ্ছে।
অতএব, আগামী প্রজন্মের হিসাববিদদের অবশ্যই দ্বৈত দক্ষতায় পারদর্শী হতে হবে—একদিকে অ্যালগরিদমিক নৈতিকতা পরিচালনা এবং অন্যদিকে আর্থিক নয় এমন প্রভাব যাচাই—যাতে অংশীজনদের আস্থা তৈরি হয় এবং টেকসই প্রবৃদ্ধির দিকে পুঁজি প্রবাহ পরিচালিত হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) একটি নতুন বাংলাদেশ গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে—স্মার্ট শাসনব্যবস্থা, শক্তিশালী অর্থনৈতিক প্রতিযোগিতা এবং আরও অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের মাধ্যমে।
জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ক্রমশ তথ্যপ্রযুক্তির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় খাতেই আইটি সেবাদান, অর্থনৈতিক অংশগ্রহণ ও শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। ডিজিটাল পেমেন্ট ও মোবাইল আর্থিক সেবা লক্ষ লক্ষ মানুষ ও ক্ষুদ্র ব্যবসাকে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এনেছে, যা অভ্যন্তরীণ চাহিদা জোরদার করেছে, উদ্যোক্তা কার্যক্রমকে সহায়তা করেছে এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করেছে।

এই প্রেক্ষাপটে, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB) আগামী ১৭ জানুয়ারি ২০২৬, হোটেল লে মেরিডিয়ান, ঢাকা-তে “পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ” শীর্ষক সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি সরকারের ‘নতুন বাংলাদেশ’ রূপকল্পের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। নৈতিক AI গ্রহণের মাধ্যমে পেশাদার হিসাববিদরা উদ্ভাবন ত্বরান্বিত ও স্বচ্ছতা বৃদ্ধি করতে পারেন, আর টেকসই প্রতিবেদন নিশ্চিত করে জবাবদিহি ও দায়িত্বশীল প্রবৃদ্ধি। নৈতিকতা, প্রযুক্তি ও টেকসইয়ের এই সমন্বয় বাংলাদেশের একটি প্রগতিশীল ও বিশ্বস্বীকৃত জাতি হিসেবে আত্মপ্রকাশের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
এই মর্যাদাপূর্ণ আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং বিশ্বব্যাপী ৫০০-এরও বেশি পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা, শিক্ষাবিদ ও চিন্তানায়ক অংশগ্রহণ করবেন।
উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মো. তৌহিদ হোসেন আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, মিসেস নাজমা মোবারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁদের উপস্থিতি হিসাব ও অর্থ খাতে পেশাগত উৎকর্ষ, নৈতিক মানদণ্ড এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সরকারের দৃঢ় সমর্থনের প্রতিফলন।
এই আন্তর্জাতিক সম্মেলনটি জাতীয় নেতৃত্ব ও আন্তর্জাতিক দক্ষতার এক ঐতিহাসিক মিলনমেলা হতে যাচ্ছে, কৌশলগত সংলাপের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। উল্লেখযোগ্য যে, এই অনুষ্ঠানে সাফা নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করা হবে জনাব মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ, আইসিএবি-এর সাবেক প্রেসিডেন্ট ২০২৬ সালের জন্য সাফা-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আইসিএবি’র , চিফ অপারেটিং অফিসার জনাব মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএ সাফা-এর এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আমরা তাঁদের অভিনন্দন জানাই।
জনসাধারণের সঙ্গে আমাদের কাজের সংযোগস্থল হিসেবে আপনাদের ভূমিকা আমরা অত্যন্ত মূল্যয়ন করি এবং এই আন্তর্জাতিক সম্মেলন সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর আমরা খোলামেলা ও পূর্ণাঙ্গভাবে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানসহ সার্ক অঞ্চলের নিয়ন্ত্রক, কর্পোরেট নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও হিসাব পেশাজীবীদের একত্রিত করে এই সম্মেলন বিস্তারিত সংলাপ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রগুলি উন্মোচন করবে। এর মাধ্যমে পেশাটি শুধু প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নয়, বরং জনআস্থাকে আরও সুদৃঢ় করবে।
টেকনিক্যাল সেশনগুলো হলো—
টেকনিক্যাল সেশন–১: Professional Landscape: Reshaped by Ethics and Technology
টেকনিক্যাল সেশন–২: Beyond Numbers- Professional Accountants Evolving Role
টেকনিক্যাল সেশন–৩: Framework to Outcome: Sustainability Assurance
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা))-এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসাইন ভূঁইয়া।
আইসিএবি-এর ভাইস প্রেসিডেন্ট (শিক্ষা ও প্রশিক্ষণ) জনাব মো. রোকনুজ্জামান এফসিএ উদ্বোধনী ও সকল টেকনিক্যাল সেশনের আলোচনা সারসংক্ষেপ উপস্থাপন করবেন।
উল্লেখযোগ্য যে, সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬ আয়োজন করছে আইসিএবি কাউন্সিলের অর্গানাইজিং কমিটি যার প্রধান আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ ফরহাদ হোসেন এফসিএ।
দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি ও টেকসই উন্নয়ন বাড়তে থাকায় চাহিদা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশাকে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে এসেছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা নৈতিক নীতি ও নিয়ন্ত্রক মানদণ্ড ডিজিটাল ব্যবস্থায় সংযুক্ত করে এই পরিবর্তনকে দায়িত্বশীলভাবে পরিচালনার জন্য অনন্য দক্ষতা অর্জন করছে। ধারাবাহিক শিক্ষা, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং মূল্যবোধভিত্তিক নেতৃত্বের মাধ্যমে আগামী প্রজন্মের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাগণ সব নৈতিক বিধি মেনে সুশাসন জোরদার করতে, জনস্বার্থ রক্ষা করতে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অর্থবহ অবদান রাখতে পারবেন।
প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে পেশাজীবীদের পরিবর্তিত ভূমিকা তুলে ধরা হবে—যেখানে AI হবে আর্থিক সেবা, অডিট, অ্যাডভাইসরি, আইন, কমপ্লায়েন্স, আইটি কনসালটিং, সফটওয়্যার উন্নয়ন ও সাইবার নিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তি।
সাফা সম্পর্কে
সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক ফোরাম, যা সার্ক অঞ্চলের হিসাব পেশাকে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানের ৪,৫০,০০০ এরও বেশি হিসাববিদকে প্রতিনিধিত্বকারী। SAFA, IFAC-এর স্বীকৃত আঞ্চলিক সংস্থা হিসেবে পেশাগত মান ও চর্চার সামঞ্জস্য সাধনে কাজ করে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।


















