ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, পরপর আফটারশক

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। দেশটির পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ মঙ্গলবার ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রধান ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য জানিয়েছে। জেএমএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

এর উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারে। তবে এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে চুগোকু ইলেকট্রিক পাওয়ার। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি।

এদিকে প্রথম ভূমিকম্পের পর আরো কয়েকটি কম্পন অনুভূত হয়। এর মধ্যে সকাল ১০টা ৩৭ মিনিটে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে পশ্চিম জাপান রেলওয়ে কর্তৃপক্ষ শিন-ওসাকা ও হাকাতা রুটের মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ