ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ায় উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের চারপাশে চীনের ধারাবাহিক সামরিক মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই মহড়া “অবরোধের অনুশীলন” হিসেবে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে, এবং বেইজিংকে উত্তেজনা না বাড়াতে ও সংযম দেখাতে আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের সামরিক তৎপরতা ও আগ্রাসী ভাষা ‘অপ্রয়োজনীয়ভাবে’ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে। দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, “তাইওয়ান এবং অঞ্চলটির অন্যান্য দেশের প্রতি চীনের সামরিক কর্মকাণ্ড ও বক্তব্য অকারণে উত্তেজনা সৃষ্টি করছে। আমরা বেইজিংকে সংযম দেখাতে, তাইওয়ানের ওপর সামরিক চাপ বন্ধ করতে এবং অর্থবহ সংলাপে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বলপ্রয়োগ বা চাপের মাধ্যমে বর্তমান অবস্থার একতরফা পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেয়।

চলতি সপ্তাহের শুরুতে চীন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন করে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়ার অনুশীলন চালায়। বেইজিং-এর দাবি, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং তারা দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে, গত বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেন, “তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের চীনারা রক্তের বন্ধন ও আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ। আমাদের মাতৃভূমির পুনঃএকত্রীকরণ সময়ের দাবি, এটি কেউ ঠেকাতে পারবে না।”

যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া ও উত্তেজনার পরিস্থিতি নজরদারি করছে, এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক চেষ্টাও অব্যাহত রয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ