ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নিজের নামে যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ভারী অস্ত্রসজ্জিত নতুন যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এই ঘোষণা দেন। তিনি জানান, নতুন এই যুদ্ধজাহাজগুলোর নামকরণ করা হবে তাঁর নিজের নামেই—‘ট্রাম্প–শ্রেণি’ যুদ্ধজাহাজ।

ট্রাম্পের ঘোষণায় বলা হয়, প্রাথমিকভাবে এই শ্রেণির দুটি যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে। তবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে। তাঁর ভাষায়, এসব যুদ্ধজাহাজ হবে সমুদ্রযুদ্ধে ব্যবহৃত সবচেয়ে প্রাণঘাতী জাহাজগুলোর অন্যতম এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।

ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে আয়োজিত এক ঘোষণায় ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নৌবাহিনীর সচিব জন ফেলান।

সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, এই যুদ্ধজাহাজ তৈরির লক্ষ্য শুধু কোনো একটি দেশকে মোকাবিলা করা নয়। চীনের সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, এটি সবাইকে প্রতিরোধ করার জন্য। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছে

ট্রাম্প জানান, প্রতিটি যুদ্ধজাহাজের ওজন হবে আনুমানিক ৩০ হাজার থেকে ৪০ হাজার টন। এসব জাহাজে থাকবে আধুনিক ক্ষেপণাস্ত্র ও ভারী বন্দুকের পাশাপাশি ভবিষ্যৎ প্রযুক্তির অস্ত্র, যেমন লেজার ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া জাহাজগুলো পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রাখবে বলে জানান তিনি।

প্রেসিডেন্টের মতে, এই যুদ্ধজাহাজগুলো সমুদ্র থেকে পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের বর্তমানে ব্যবহৃত ডেস্ট্রয়ার ও ক্রুজারের তুলনায় ট্রাম্প–শ্রেণির যুদ্ধজাহাজগুলো আকারে বড় হবে। তবে ঘোষিত ওজন অনুযায়ী এগুলো যুক্তরাষ্ট্রের সর্বশেষ আইওয়া–শ্রেণির যুদ্ধজাহাজের চেয়ে কিছুটা ছোট হবে।

নতুন এই যুদ্ধজাহাজ প্রকল্পকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা ভবিষ্যতের সমুদ্রযুদ্ধে শক্তি প্রদর্শনের নতুন মাত্রা যোগ করতে পারে। তথ্যসূত্র : এএফপি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ