ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে সেসনা জেট বিধ্বস্ত, নিহত ৭ জন

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় একটি ছোট সেসনা ৫৫০ বিজনেস জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক নাসকার ড্রাইভার গ্রেগ বিফলও রয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উড়োজাহাজটি স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এই তথ্য জানিয়েছে রয়টার্স।

নর্থ ক্যারোলিনার হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, নিহতদের মধ্যে গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যরা থাকতে পারে। তবে দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এখনো আনুষ্ঠানিকভাবে সকল নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। উড়োজাহাজটি বিফলের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল

মেডিকেল এক্সামিনারের দপ্তর নিহতদের শনাক্তকরণ শেষ করার পর আনুষ্ঠানিকভাবে সাতজনের তালিকা প্রকাশ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ফ্লাইটঅ্যাওয়ার নামের উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ফ্লোরিডার উদ্দেশে যাত্রা করছিল, কিন্তু স্থানীয় সময় সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তর ক্যারোলিনার ওই বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করছিল।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের ওপর বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষের মধ্যে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠাচ্ছে এবং শুক্রবার তদন্তের অগ্রগতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবে।

৫৫ বছর বয়সী গ্রেগ বিফল ২০ বছরের ক্যারিয়ারে কাপ সিরিজে ১৯টি রেস জিতেছেন। নাসকার সার্কিটে তার শেষ রেস ছিল ২০২২ সালের টালাডেগায় অনুষ্ঠিত জেইকো ৫০০। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সর্বকালের সেরা চালক’-এর একজন হিসেবে নির্বাচিত করা হয়।

দুর্ঘটনার পর স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রানওয়ে থেকে ধ্বংসাবশেষ সরানো না হলে বিমানবন্দর পুনরায় চালু করা সম্ভব হবে না। এই বিধ্বস্ত দুর্ঘটনা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শোক ও সতর্কতার জোয়ার সৃষ্টি করেছে। তথ্যসূত্র : গালফ নিউজ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ