আইপিও অনুমোদন প্রক্রিয়ায়কে আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পাবলিক অফার অব ইক্যুয়িটি সিকিউরিটিজ রুলস,২০২৫ এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে বিএসইসি পাবলিক ইস্যু রুলস,২০১৫ বাতিল করেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর)বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯৭৭তম কমিশন সভায় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি জানায়, খসড়া ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ অনুযায়ী স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি আইপিও’র চূড়ান্ত অনুমোদন প্রদান করবে। এছাড়াও প্রস্তাবিত নতুন রুলসটিতে আইপিও অনুমোদন প্রক্রিয়ায়কে আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিসমূহে কর্পোরেট গভর্নেন্স, নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারদের দায়দায়িত্ব ও ভূমিকা (role) এর বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যার ফলে তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে। একইসাথে এর মাধ্যমে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইসিং এর উন্নয়ন হবে যা ন্যায্য প্রাইসিং নিশ্চিত করবে। ন্যায্য প্রাইসিং নিশ্চিতের ফলে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানীসমূহ পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহী হবে বলেই বিএসইসি’র প্রত্যাশা।
উল্লেখ্য, খসড়াটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

বিজিনেস আই/


















