ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

সুইডেনে ভয়াবহ সাইবার হামলায় ১৫ লাখ মানুষের তথ্য চুরি

ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সম্প্রতি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনে ঘটে যাওয়া এক বড় ধরনের সাইবার হামলা সেই শঙ্কাকে আবারও সামনে নিয়ে এসেছে। এই হামলায় অন্তত ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে, যা দেশটির জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ

গত ২৩ ও ২৪ আগস্ট সুইডেনের বৃহত্তম আইটি সিস্টেম প্রোভাইডার প্রতিষ্ঠান মিলিজোডেটার ওয়েবসাইটে এ সাইবার হামলার ঘটনা ঘটে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পাশাপাশি বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংবেদনশীল ডেটাও হ্যাকারদের হাতে চলে গেছে। হামলার কারণ হিসেবে চাঁদাবাজির বিষয়টি সামনে এসেছে।

চুরির ঘটনায় বেহাত হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যক্তিগত তথ্য, সরকারি নথি ও কর্পোরেট ডেটা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪টি পৌরসভা ও সিটি কর্পোরেশন, ৪টি প্রাদেশিক সরকার এবং বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান। সুইডেনের আইন ও বিচার মন্ত্রণালয় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে আছেন স্যান্ড্রা হেলগাদোত্তির।

তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে, হামলাটি দেশীয় হ্যাকার বা হ্যাকার গ্রুপের কাজ। এখন পর্যন্ত কোনো বিদেশি গ্রুপ বা সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে হামলাটি কতটা পরিকল্পিত এবং কীভাবে ঘটানো হয়েছে, তা বের করতে গভীর তদন্ত চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে সুইডিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, হ্যাকাররা সরকারের কাছে একটি চাঁদার প্রস্তাব দিয়েছে। তারা দাবি করেছে, যদি সরকার ১.৫ বিটকয়েন (প্রায় ১৭ লাখ ডলার) প্রদান করে, তবে কোনো তথ্য ফাঁস বা বিক্রি করা হবে না।

অন্যদিকে হ্যাকাররা হুমকি দিয়েছে, অর্থ না দিলে আগামী সপ্তাহের মধ্যেই চুরি করা সব তথ্য ডার্কনেটে প্রকাশ করে দেওয়া হবে। এতে শুধু ব্যক্তিগত গোপনীয়তাই নয়, বরং সরকারি কার্যক্রম ও কর্পোরেট নিরাপত্তাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হামলার পর থেকে ভুক্তভোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এএফপি জানাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় অভিযোগ দাখিল করেছেন। এর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র : এএফপি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ