ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

দ্বিতীয় ধাপে আরও ১১ ব্যাংকের সম্পদের মান যাচাই করা হবে

প্রথম ধাপে ছয়টি ইসলামি ধারার ব্যাংকে অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) করা হয় বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয় ধাপে সম্পদের মান যাচাই হবে আরও ‘১১ ব্যাংকের’

‘অনিয়ম ও দুনীতিতে’ ডুবতে বসা আরও বেশ কয়েকটি ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পট পরিবর্তনের পর ব্যাংক খাতের জন্য গঠিত টাস্কফোর্স দ্বিতীয় ধাপে ‘১১টি ব্যাংকের’ অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। এজন্য প্রথম দফার মত এবারও বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, যেসব ব্যাংক দুর্বল ও আর্থিক সংকটের মধ্যে রয়েছে সেগুলোর একিউআর করার সিদ্ধান্ত হয়েছে।

এজন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি তুলে ধরেন। তবে কয়টি ব্যাংকের একিউআর করা হবে এবং সেগুলোর নাম বলেননি তিনি।

তিনি বলেন, এটা দ্বিতীয় ধাপের একিউআর। প্রথম ধাপে আরও কয়েকটি ব্যাংকের করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নতুন করে আরও ১১টি ব্যাংকের একিআর করার সিদ্ধান্ত এসেছে।

এর আগে বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ছয়টি ইসলমি ধারার ব্যাংক– এক্সিম, সোস্যাল ইসলামী, আইসিবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের একিউআর করা হয়।

পট পরিবর্তনের পর ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতির তথ্য সামনে আসার মধ্যে বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতের টাস্কফোর্স গঠন করে।

এ টাস্কফোর্স আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি, মন্দ সম্পদ এবং প্রধান প্রধান ঝুঁকিসমূহ নিরূপণ, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, প্রভিশন ঘাটতি নিরূপণ করবে।

এছাড়া তারল্য পরিস্থিতি পর্যালোচনা, নিট মূলধন নির্ণয়, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পদকে পৃথকীকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন