আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বলেছেন, শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে হলে ভালো মানের কোম্পানি বাজারে আনা প্রয়োজন। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে বন্ডের সুদ কমাতে হবে।
আজ বুধবার (২৫ জুন) ডিএসই টাওয়ারে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ।
তিনি বলেন, বন্ডের সুদ বাড়ানোয় বিনিয়োগকারীরা বন্ডে আকৃষ্ট হচ্ছেন, যার ফলে শেয়ারবাজার থেকে বিনিয়োগ উঠছে। এই প্রবণতা পুঁজিবাজারের জন্য ক্ষতিকর। তাই বন্ডের সুদ কমিয়ে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে ফেরানো জরুরি।
আবু আহমেদ আরও বলেন, দেশের বৃহত্তর অর্থনীতির সার্থে পুঁজিবাজারের উন্নয়ন অপরিহার্য।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, অনেক বিনিয়োগকারী জীবনের সঞ্চয় পুঁজিবাজারে রেখেছেন, কিন্তু দেশের অস্থিতিশীল বাজারের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতি আর হওয়া যাবে না।

তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার যে নির্দেশনা দিয়েছে, তা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও অন্যান্য প্রতিনিধিরা।


















