২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করা হবে আজ সোমবার (২ জুন)। এবারের বাজেটে দীর্ঘদিন মন্দায় থাকা পুঁজিবাজারের জন্য কর ছাড়সহ বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে। এর ফলে বাজেটের আগে থেকেই পুঁজিবাজারে চাঙ্গাভাব রয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ২৭৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪০ কোটি ১১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ১৮ লাখ টাকার।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৯টির, দর কমেছে ১০১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৮৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















