শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস্ অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর দুই পরিচালক ২ লাখ শেয়ার কিনবেন। কোম্পানিটির পরিচালক মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে এসব শেয়ার সংগ্রহ করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল লাভেলোর প্রতিটি শেয়ারের সমাপনী বাজারদর ছিল ৮১ টাকা ৫০ পয়সা। সে হিসাবে ২ লাখ শেয়ারের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে চূড়ান্ত মূল্যও পরিবর্তিত হবে।
মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম হচ্ছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মোঃ একরামুল হক এবং চেয়ারম্যান দাঁতিন শামিমা নার্গিস হকের কন্যা। এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মোঃ একরামুল হক বলেন, “কানাডা থেকে পড়াশোনা শেষ করে তারা খুব শিগগিরই দেশে ফিরে নিয়মিতভাবে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম দেখাশোনা করবেন। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে কোম্পানির ব্যবসা এগিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বর্তমানে মুহসীনীনা তাওফিকা একরাম কোম্পানির ২.৪১ শতাংশ এবং মুহসীনীনা সারিকা একরাম ৩.৫৩ শতাংশ শেয়ারের মালিক। নতুন করে শেয়ার কিনলে তাদের মালিকানা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, লাভেলো সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।



















