ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন

তামিমের পর এবার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন এক আম্পায়ার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আরও একবার মাঠে দেখা গেল অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এর আগে যেখানে তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েছিলেন, এবার বিকেএসপির ৩ নম্বর মাঠেই অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচের টসের পরই অসুস্থতা অনুভব করেন তিনি।

সূত্র জানিয়েছে, টসের পর সোহেল হঠাৎ মাথা ঘোরার কথা বলেন এবং কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ম্যাচ রেফারি দেবব্রত পালের সিদ্ধান্তে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে বিকেএসপির মেডিকেল সেন্টারে পাঠানো হয়।

গণমাধ্যমে চিকিৎসক সামির উল্লাহ জানান, ‘রাতে ঘুম না হওয়ায় দুর্বলতা অনুভব করছিলেন তিনি। ব্লাড প্রেশার স্বাভাবিক থাকলেও হার্টরেট কিছুটা বেড়ে গেছে। এখন বিশ্রামে আছেন, পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি, শিগগিরই ছাড়পত্র দেওয়া যাবে।’

গাজী সোহেল মাঠ ছাড়ার পর তার জায়গায় দায়িত্ব পালন করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। অপর আম্পায়ার হিসেবে মাঠে রয়েছেন হাবিবুর রহমান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ