চীনা স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস চলতি বছর কোনো ফোল্ডেবল ফোন বাজারে আনবে না বলে নিশ্চিত করেছে।
চীনা স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস চলতি বছর কোনো ফোল্ডেবল ফোন বাজারে আনবে না বলে নিশ্চিত করেছে। কোম্পানিটি জানিয়েছে, নিজেদের প্রথম প্রজন্মের ফোল্ডেবল ওয়ানপ্লাস ওপেনের পরবর্তী মডেল ওপেন ২ এ বছর আসছে না। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
ওয়ানপ্লাস কমিউনিটির এক পোস্টে কোম্পানির প্রডাক্ট ম্যানেজার ভেল জি বলেন, ‘আমরা এ বছর কোনো নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন করব না।’ ২০২৩ সালে ওয়ানপ্লাস প্রথম ওপেন বাজারে আসে। পরে ২০২৪ সালে এর উন্নত সংস্করণ ওপেন এপেক্স উন্মুক্ত করা হয়। তবে পরবর্তী ফোল্ডেবল ফোন কবে আসবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, ওয়ানপ্লাস ওপেন ২ মূলত অপ্পো ফাইন্ড এন৫-এর ‘রিব্র্যান্ডেড’ সংস্করণ হিসেবে আসতে পারে। এ দুই পণ্য মূলত একই রকম হয়, তবে একটির ব্র্যান্ড নাম, লোগো বা ডিজাইন উপাদান পরিবর্তন করা হয়। অর্থাৎ দুটি ডিভাইসের ফিচার ও স্পেসিফিকেশন এক হতে পারে, তবে ওয়ানপ্লাসের ব্র্যান্ডিংসহ ডিভাইসটি বাজারে আসবে। চীনের বাজারে ২০ ফেব্রুয়ারি অপ্পো ফাইন্ড এন৫ আসছে বলে জানা গেছে। উল্লেখ্য, ওয়ানপ্লাস ও অপ্পো ২০২১ সালে একীভূত হয়।
এদিকে ওয়ানপ্লাসের এ ঘোষণার ফলে বাজারে আসতে যাওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর বড় কোনো প্রতিযোগী থাকছে না, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। তবে অন্যান্য বাজারে চীনের অপ্পো ফাইন্ড এন৫, হুয়াওয়ে ও অনারের ফোল্ডেবল ডিভাইসগুলো স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় থাকবে।

ওয়ানপ্লাস জানিয়েছে, সামনের দিনগুলোয় নতুন প্রযুক্তি ও উপকরণ দিয়ে আরো শক্তিশালী ফোল্ডেবল ফোন বাজারে আনা হবে।


















