ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

নেইমারের মন্তব্যে রিভালদোর আপত্তি, দিলেন স্পষ্ট জবাব

ইনজুরি থেকে ফিরলেও মাঠের বাইরে সময় কাটছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এসময় একটি পডকাস্টে দেওয়া মন্তব্যে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রিভালদোর সমালোচনার মুখে পড়েছেন এই তারকা।

সম্প্রতি সাবেক ফুটবলার রোমারিওর সঙ্গে এক আলোচনায় নেইমার বলেন, ২০০২ বিশ্বকাপে রিভালদোর জায়গায় থাকলে তিনি খেলতে পারতেন। এই মন্তব্যকে সম্মানজনকভাবে গ্রহণ করলেও সরাসরি আপত্তি জানিয়েছেন রিভালদো।

নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে রিভালদো বলেন, “আমি নেইমারকে শ্রদ্ধা করি এবং স্বীকার করি যে, সে প্রতিভাবান। তবে আমার জায়গায় খেলার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ২০০২ সালে আমি মনোযোগী, দৃঢ়চেতা, এবং বিশ্বকাপ জেতার জন্য অত্যন্ত প্রস্তুত ছিলাম। সে সময় আমার জায়গা কেউ নিতে পারত না।”

রিভালদো আরও বলেন, “আমি এটি ভালোবাসা ও আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে, আমি বিশ্বকাপ জেতার জন্য যেভাবে লড়াই করেছি, তা অতুলনীয়।”

রিভালদোর পোস্টের উত্তরে নেইমারও তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, “শান্ত হোন, বন্ধু। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা প্রতিটি ফুটবলারের নিবেদনই শতভাগ। আপনি আমাকে রোনালদো বা রোনালদিনিওর জায়গায় দেখতে চাইবেন না, তাই না?”

২০০২ সালে রোনালদো, রোনালদিনিও এবং রিভালদো ছিলেন ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্বে। নেইমার সেদিনকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও, রিভালদো তার অবস্থান স্পষ্ট করেছেন।

২০০২ বিশ্বকাপজয়ী এই তিন তারকাই ব্রাজিলকে ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন। তবে নেইমারের সেই সৌভাগ্য হয়নি। ইনজুরিতে জর্জরিত নেইমার ২০২৬ বিশ্বকাপকে তার ক্যারিয়ারের শেষ আসর হিসেবে দেখছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ